প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন:

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা প্রতিনিধি: নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দিয়েছেন বরগুনার স্থানীয় ঠিকাদাররা। একই সঙ্গে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ ও সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের চলমান সব টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।
গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঠিকাদার ও ব্যবসায়ীরা। এতে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদাররা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়ায় নির্মাণসামগ্রীর বর্তমান বাজারমূল্যের সঙ্গে সরকারি উন্নয়নকাজের নির্ধারিত ব্যয়ের কোনো সামঞ্জস্য থাকছে না। ফলে বিদ্যমান দর অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারদের আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে কাজের মান বজায় রেখেও ব্যয় সংকুলান করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দেন তাঁরা। পাশাপাশি বরগুনা জেলার এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ ও সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের চলমান সব টেন্ডার বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন ঠিকাদাররা। স্মারকলিপিতে নতুন রেট শিডিউল ও সংশ্লিষ্ট বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত এলজিইডির আহ্বান করা দরপত্রগুলো স্থগিত অথবা বিধি অনুযায়ী বাতিলের অনুরোধ জানানো হয়। পরে বয়কট কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ঠিকাদাররা অংশ নেন। সভায় মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কট, ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ এবং দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।
ঠিকাদাররা জানান, নির্মাণসামগ্রীর বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট শিডিউল প্রকাশ করা হলে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ঠিকাদারদের আর্থিক ঝুঁকিও কমবে। তাঁরা দ্রুত নতুন রেট শিডিউল প্রকাশ এবং তাঁদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered