প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। গত সোমবার ৯ নভেম্বর দুপুরে হাসপাতালে পৌঁছে সরাসরি জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন তিনি। তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না তা জানতে চান। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। সেবার মানে কোনো ঘাটতি থাকলে তা দ্রুত পূরণের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে হাসপাতাল প্রাঙ্গণে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। স্বাস্থ্যসেবার মান সমুন্নত রাখা এবং তার ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। এ সময় হাসপাতালের নিরাপদ পানি সরবরাহের সমস্যার কথা শুনে একটি সাবমার্জিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আমতলীর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered