প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর শিশু নিহানের (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে নিখোঁজ হয় নিহান। সে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির হোসেনের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে শুক্রবার বিকেল ৪টা থেকে অভিযান চালানো হয়। অবশেষে রবিবার সকালে নলটোনা ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered