প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
বরগুনার হোগলাপাশা কলেজে শিক্ষার বদলে গরু-ছাগলের বসবাস: ১১ কলেজে পাসের হার শূন্য

বরিশাল শিক্ষা বোর্ডের ১১ কলেজে কেউ পাস করেননি: অস্তিত্বহীন শিক্ষাকার্যক্রম
বরিশাল প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১১টি কলেজে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নেননি। শিক্ষক সংকট, শিক্ষার্থী অনুপস্থিতি, অবকাঠামোগত দুরবস্থা ও পরিচালনাগত সমস্যায় কলেজগুলোর শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
এসব কলেজের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা কলেজের অবস্থা সবচেয়ে করুণ। সাত কক্ষের ভবন থাকলেও অধিকাংশ কক্ষের দরজা-জানালা নেই। কোথাও গরু-ছাগল রাখা হয়, কোথাও পড়ে আছে পরিত্যক্ত বইপত্র। শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতিও নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১টি প্রতিষ্ঠানের অধিকাংশই এমপিওভুক্ত নয়। ফলে শিক্ষকরা বেতন না পাওয়ায় কলেজে আসেন না এবং শিক্ষার্থী ভর্তিতেও অনাগ্রহ তৈরি হয়েছে। কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখায় শিক্ষক না থাকায় এসএসসি পাস করা শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন।
এদিকে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজগুলোর মানোন্নয়নে আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। এবার ১০ নভেম্বরের মধ্যে জবাব চেয়ে নোটিশ দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে শিক্ষার পরিবেশ ফিরছে না।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered