প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
আমতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. রেজাউল করিম। সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের হাতে একটি করে আমগাছের চারা তুলে দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন অবদান, রাজনৈতিক নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন। বক্তারা জাতীয় ঐক্য, গণতন্ত্রের অগ্রযাত্রা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered