প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
আমতলীতে ছাগল চুরির মামলা করায় বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ছাগল চুরির মামলা করায় পাশা মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, সকালে গোয়ালঘরে মহিষকে খাবার দিতে গেলে একই এলাকার চার যুবক লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, পিকনিকের জন্য তিন হাজার টাকা না দেওয়ায় অভিযুক্তরা ছাগল চুরির হুমকি দেন। এর দুই দিন পর গত ১৬ অক্টোবর তার গোয়ালঘর থেকে একটি ছাগল চুরি হয় বলে অভিযোগ করেন পাশা মোল্লা। এ ঘটনায় তিনি ১৭ অক্টোবর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে মামলা করেন। ওই মামলা করার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি তার। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, চুরির ঘটনায় তাদের মধ্যে মীমাংসার কথা শুনেছেন। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered