প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

বরগুনা জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজসহ অন্যান্য দলীয় নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। ওই সময়ের রাজনৈতিক অস্থিরতা ও সংকটময় পরিস্থিতিতে সিপাহি-জনতার সম্মিলিত ভূমিকা দেশের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। এদিন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। তারা আরও বলেন, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এ সময় জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered