প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
বরগুনায় তারুণ্যের শেকড়ের উদ্যোগে রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান

বরগুনা প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদানে তরুণ সমাজকে উৎসাহিত করা এবং মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা রক্তদাতাদের স্বীকৃতি দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক স্বেচ্ছায় রক্তদাতা অংশগ্রহণ করেন। গত শুক্রবার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন ‘তারুণ্যের শেকড়’-এর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবদুর রহমান সালেহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আতিকুর রহমান সাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. মো. ইউনুস আলী, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আনিসুর রহমান, এটিএন বাংলার সাবেক উপস্থাপক, শিক্ষক ও উদ্যোক্তা মাওলানা বাকী বিল্লাহ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইঞ্জিনিয়ার সাঈদ রিমন। এ ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. সজিব হোসেন, বন্ধুসভার বরগুনা সভাপতি খান নাঈম, সংগঠক বনি আমিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। সম্মেলনে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রক্তদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে যুক্ত ব্যক্তিদের উৎসাহিত করা এবং রক্তদানের সামাজিক আন্দোলনকে আরও বেগবান করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের প্রয়োজন কোনো সময় বলে-কয়ে আসে না। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, রক্তদানের মাধ্যমে একজন মানুষ অন্য একজন মানুষের জীবন বাঁচানোর সুযোগ পান। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদানের পাশাপাশি তরুণদের মধ্যে মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered