প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
বরগুনায় ডেঙ্গু সচেতনতায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বরগুনার মাইঠা গ্রামে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ)-এর উদ্যোগে জেলা তথ্য অফিস, বরগুনা ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত তিন মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। উঠান বৈঠকে ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের কারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং প্রতিরোধের উপায় সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সেইফের সভাপতি এহসান আহমাদ নোমান, সংগঠনের শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক সুবাহ তাবাসসুম ঐশী, সদস্য হান্না কাজী, রাতুল ও আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered