প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
বেতাগীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা, ডিজিটাল পরিমাপক যন্ত্র ও গাঁজা কাটার কাঁচিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে বেতাগী উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী ৯ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, আয়লা চান্দখালী এলাকার মো. ইমরান হোসেন (২৮) এবং বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা এলাকার মো. আরাফাত (২২)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা ৫০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা। এ ছাড়া ৫২০ টাকা নগদ অর্থ ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের সময় পলায়নরত ব্যক্তিদের হামলায় পুলিশের এক সদস্য সামান্য আহত হন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেতাগী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered