প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
আমতলীতে রেজিস্ট্রেশনবিহীন দন্ত চিকিৎসকের ছড়াছড়ি, ঝুঁকিতে রোগীরা

আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলীতে রেজিস্ট্রেশনবিহীন দন্ত চিকিৎসকদের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। আকর্ষণীয় সাইনবোর্ড ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে বিভিন্ন হাট-বাজারে চেম্বার খুলে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অপচিকিৎসার ঝুঁকিতে পড়ছেন সাধারণ রোগীরা। সরেজমিনে উপজেলার গাজীপুর বন্দরের হাওলাদার ডেন্টাল কেয়ারে মো. ফজলুর রহমানকে দাঁতের রুট ক্যানেল, ফিলিং, ক্যাপ-ব্রিজ ও স্কেলিংসহ বিভিন্ন চিকিৎসাসেবা দিতে দেখা যায়। তাঁর দাবি, ডিপ্লোমা সনদের ভিত্তিতেই তিনি চিকিৎসাসেবা দিয়ে আসছেন। স্থানীয়দের অভিযোগ, আমতলী উপজেলা শহরসহ বিভিন্ন হাট-বাজারে ৮-১০ জন রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তি দন্ত চিকিৎসক পরিচয়ে চেম্বার পরিচালনা করছেন। তাঁদের অনভিজ্ঞ চিকিৎসায় রোগীরা শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী রোগী কবির মিয়া জানান, দাঁতে শিরশির অনুভূতি নিয়ে গাজীপুর বাজারে চিকিৎসা করিয়েও তাঁর সমস্যার সমাধান হয়নি। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প্রশাসক ডা. হিমেল পাল বলেন, এ ধরনের রেজিস্ট্রেশনবিহীন দন্ত চিকিৎসকদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিস্ট্রেশনবিহীন ও অননুমোদিত চিকিৎসাসেবা বন্ধে দ্রুত অভিযান এবং রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered