প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
বরগুনায় বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৮ বছরের শিশু

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি : বরগুনার বিষখালী নদীতে বাবা-মায়ের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আট বছর বয়সী শিশু ইহান। গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ইহান বরগুনার খেজুরতলা এলাকার নজির হোসেনের ছেলে। সে স্থানীয় আল মদিনা নুরানি হাফিজি মাদ্রাসার শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করার একপর্যায়ে পানিতে নিখোঁজ হয় ইহান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পটুয়াখালী থেকে আসা ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এদিকে সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন ইহানের বাবা-মা ও স্বজনরা। শিশুটির সন্ধানে তল্লাশি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered