প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
বেতাগীতে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা অভিযান

বেতাগী প্রতিনিধি : স্বাস্থ্যসম্মত অভ্যাস ও পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা এ কর্মসূচিতে অংশ নেন।
অভিযানে শ্রেণিকক্ষ, বারান্দা, খেলার মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। এ সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাগজ, পলিথিন ও প্লাস্টিকের বোতল সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও রোগের ঝুঁকি কমাতে জমে থাকা পানিও অপসারণ করা হয়।বসুন্ধরা শুভসংঘের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করলে তাদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও স্বাস্থ্যসচেতনতা গড়ে ওঠে। দৈনিক শেষ কথা- এর বেতাগী উপজেলা প্রতিনিধি ও শুভসংঘের বেতাগী ইউনিটের উপদেষ্টা স্বপন কুমার ঢালি বলেন, পরিচ্ছন্নতাকে এককালীন কর্মসূচি হিসেবে নয়, বরং দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। অভিযান শেষে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ নিয়মিত পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সহপাঠীদেরও এ কাজে উৎসাহিত করার অঙ্গীকার করে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered