প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
আমতলীতে ফলের বাজারে আগুন, নাগালের বাইরে সাধারণ ক্রেতারা

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে আমদানি করা ও স্থানীয় ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে বিভিন্ন জাতের ফল চড়া দামে বিক্রি হওয়ায় অনেকের কাছেই ফল কেনা এখন বিলাসিতায় পরিণত হয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কমলালেবু ৫৫০ টাকা, মাল্টা ৪৮০-৫০০ টাকা, আপেল ৩৫০-৪০০ টাকা, আঙুর ৪৫০ টাকা এবং ডালিম ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নারকেল ১০০-১৫০ টাকা, পেঁপে ৬০-৮০ টাকা, ড্রাগন ফল ১৪০-১৬০ টাকা ও পেয়ারা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফল ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে ফল কেনার কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, আয় ও ফলের দামের মধ্যে সামঞ্জস্য না থাকায় তাঁদের পক্ষে প্রয়োজন অনুযায়ী ফল কেনা কঠিন হয়ে পড়েছে। আমতলী পৌর এলাকার ফল ব্যবসায়ী জাকির হোসেন জানান, বেশি দামে ফল কিনে বিক্রি করতে হচ্ছে। অবিক্রীত ফল নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered