প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
মাঠে ফিরবে প্রাণ, গতি পাবে ক্রীড়াঙ্গন- বরগুনার ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়: দায়িত্বে নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কমিটির সদস্য সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট নুরুল আমিন (সাবেক পৌর বিএনপির সভাপতি)। বৃহস্পতিবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার-কে সভাপতি এবং অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বরগুনার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং মো. সাইফুল ইসলাম সবুজ।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবে। পরবর্তী সময়ে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে তারা। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া বরগুনার ক্রীড়াঙ্গনে নতুন কমিটির দায়িত্ব গ্রহণকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে খেলাধুলার নিয়মিত আয়োজন, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে নতুন কমিটির কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের পর নতুন সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন বলেন, “বরগুনার স্তব্ধ হয়ে পড়া ক্রীড়াঙ্গনে পুনরায় গতিশীলতা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য। তরুণেরা যাতে মাঠমুখী হতে পারে এবং খেলাধুলার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সে লক্ষ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করব। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ও সম্মানিত সদস্যদের সহযোগিতায় আমরা খুব দ্রুতই বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং মাঠগুলোর উন্নয়নে পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, “একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। তাই বরগুনার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী নাগরিক ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।” নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরগুনার ক্রীড়াঙ্গনে নিয়মিত খেলাধুলার আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়া কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার নতুন উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered