প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
বরগুনার নতুন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম এ মামুন খান চিশতী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বরগুনা জেলায় পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে ---
অভিযান ও অপরাধ দমনে অভিজ্ঞতা: কে এম এ মামুন খান চিশতী এর আগে এসআরবি-১২-এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষায়িত এই ইউনিটে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর দায়িত্বকালেই সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-১২। সর্বশেষ, অভিযানে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার: গত ৪ নভেম্বর বুধবার এসআরবি-১২ সিরাজগঞ্জ ও পাবনা জেলার পাঁচটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করে।
এসআরবি-১২-এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এসআরবি-১২ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বরগুনাবাসীর প্রত্যাশা: নতুন কর্মস্থল বরগুনায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কে এম এ মামুন খান চিশতীর সামনে উপকূলীয় এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব আসছে। বরগুনার সাধারণ মানুষের প্রত্যাশা মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চুরি-ডাকাতি, কিশোর অপরাধ ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, থানায় সেবার মান বৃদ্ধি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে কাজ করবেন।
নতুন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীর দায়িত্ব পালনে পেশাগত সাফল্য কামনা করছেন বরগুনার সচেতন মহল।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered