প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
আমতলীর ২৬ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি: প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি

আমতলী প্রতিনিধি: ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী অংশে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। মাত্র ২৬ কিলোমিটার সড়কে চলতি বছরে অর্ধশতাধিক দুর্ঘটনায় ১০ জনের বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কের বিপজ্জনক বাঁক, বাজারকেন্দ্রিক যানজট, অবৈধ পার্কিং এবং মহাসড়কে থ্রি-হুইলারের অবাধ চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। যানবাহনের সংখ্যা বাড়লেও সড়কের প্রশস্ততা না বাড়ায় ঝুঁকি আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দা, পরিবহনচালক ও সচেতন নাগরিকেরা দ্রুত অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধ, ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং বাজার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বরগুনার সদ্য বিদায়ী পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানান, জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত কাজ করছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের চলাচল বন্ধ করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে। সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনা কমাতে শুধু সচেতনতা নয়, প্রয়োজন কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, নিয়মিত নজরদারি এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থায়ী অবকাঠামোগত উন্নয়ন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered