প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
বেতাগীতে দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শত শত মানুষ

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়খালের দুই পাড়ের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষখালী নদীর তীরঘেঁষা ওয়াপদা সড়ক থেকে ঝোপখালী- বেতাগী মহাসড়কের মাহমুদা কালভার্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার শত শত মানুষ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে জোয়ারের পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে। পাশাপাশি অসুস্থ রোগী পরিবহন, কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, বাসিন্দা মানিক খান, শিক্ষার্থী বাইজিদ ও প্রবীণ বাসিন্দা ইসমাইল মৃধা সড়কটির দুরবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সড়কের বেহাল অবস্থার কারণে অনেক সময় হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসায় বিঘ্ন ঘটছে। জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিকে বাড়ি থেকে বাইরে নেওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কটি এলাকার শত শত মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ পথ। তাই জনদুর্ভোগ লাঘব, শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে প্রায় দেড় কিলোমিটার সড়ক দ্রুত সংস্কার ও টেকসইভাবে উন্নয়ন করা হোক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered