প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
তালতলীতে দেড় মাসেই ধসে গেল ১.৪৭ কোটি টাকার বেড়িবাঁধ ও জিও ব্যাগ, ঝুঁকিতে ১৫ গ্রাম

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পায়রা নদীর ভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধ ও বালুভর্তি জিও ব্যাগ দেড় মাসের মধ্যেই ধসে পড়তে শুরু করেছে। এতে ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ, জিও ব্যাগে পর্যাপ্ত বালু না ভরা এবং বেড়িবাঁধ সংলগ্ন নদীর তীর থেকে মাটি উত্তোলনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১ নভেম্বর সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০০ মিটার জিও ব্যাগ নদীগর্ভে ধসে যাচ্ছে এবং বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার অংশে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, পাঁচটি প্যাকেজের আওতায় ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ করা হয়। এতে চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে। গত ২১ সেপ্টেম্বর কাজ শেষ হয়। স্থানীয়দের আশঙ্কা, বাঁধ ভেঙে গেলে তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ ১৫টি গ্রাম প্লাবিত হতে পারে। এতে বসতবাড়ি, আমন ধান, ফসলি জমি ও মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে। স্থানীয় বাসিন্দারা কাজের অনিয়মের অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। অন্যদিকে মেসার্স পপুলার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী লিমন ভাঙনের জন্য নদীর মোহনার জটিল প্রকৃতিকে দায়ী করেছেন। মেসার্স আর.এস. কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রাসেল ক্ষতিগ্রস্ত অংশ এক সপ্তাহের মধ্যে সংস্কারের আশ্বাস দিয়েছেন। তবে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান জানান, নদীর তলদেশ থেকে ভাঙন শুরু হওয়ায় শুধু জিও ব্যাগ দিয়ে আপাতত বাঁধ রক্ষা করা সম্ভব হচ্ছে না। টেকসই প্রতিরক্ষার জন্য সিসি ব্লক ও জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে কাজ বাস্তবায়নে বৈদেশিক অর্থায়ন চেয়ে ডিপিপি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পায়রা নদীর ভাঙনে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered