
বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার -
সভায় আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পৃথক আলোচনা সভা, শিশু একাডেমির আয়োজনে শিশুদের রচনা প্রতিযোগিতা এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা। এ ছাড়া বিকেলে জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজেডএম সালেহ ফারুক এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০নং নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান মাহফুজ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।