প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
আমতলীতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ইউএনওর ঝটিকা পরিদর্শন

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম এবং দুপুর ২টার পর পাঠদান বন্ধের অভিযোগে ঝটিকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান।
গত সোমবার (২ নভেম্বর) আমতলী পৌর এলাকার কয়েকটি বিদ্যালয় পরিদর্শনকালে আমতলী সরকারি আরমান খোরশেদ (একে) মডেল পাইলট হাই স্কুলের সপ্তম শ্রেণিতে ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৮ জনকে উপস্থিত পান তিনি। এ সময় শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান এবং অভিভাবকদের নোটিশ পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহমুদকে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকির নির্দেশ দেন। বিদ্যালয়ে নির্ধারিত সময় পর্যন্ত পাঠদান চালু রাখা এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের সতর্ক করেন ইউএনও। তিনি জানান, এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যালয়ের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered