প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
বরগুনায় দুই দিনে ৭ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ৪

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত দুই দিনে ৭ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে এক রোহিঙ্গা নারীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক কারবারিদের গ্রেপ্তারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে বরগুনাকে মাদক, জুয়া ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা দিয়েছেন চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি।
সংশ্লিষ্টদের মতে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক সরবরাহের উৎস, বিক্রয় নেটওয়ার্ক ও এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেলে বরগুনায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব। তবে মাদকমুক্ত বরগুনা গড়তে শুধু অভিযান ও গ্রেপ্তারই নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। উল্লেখ্য, দুই দিনে ৭ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তারের এই ঘটনাকে কেন্দ্র করে বরগুনায় মাদকবিরোধী কার্যক্রমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered