প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধা। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পদ নন; তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের অবিচ্ছেদ্য অংশ। একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা, দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বাধা সৃষ্টি করা মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি অসম্মান। বক্তারা পিরোজপুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুকসহ বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মো. হাবিবুর রহমান, মো. আবু হানিফ, জাহাঙ্গীর আলম, মো. মজিবর শরীফ, নজির আহমেদ ও হারুন অর রশিদ শিকদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা বক্তব্য দেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered