প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2026 ইং
বরগুনায় ৪ বছর সংসার ও ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিয়ে ও সন্তান অস্বীকার!

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় চার বছর সংসার করার পর ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে বিয়ে ও গর্ভের সন্তান অস্বীকার করার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ের নিবন্ধন করে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা যৌতুক দাবির অভিযোগও করেছেন ওই নারী। এ ঘটনায় দায়ের করা মামলায় গত রবিবার (১ নভেম্বর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ১১ আগস্ট স্থানীয়ভাবে মৌলভীর মাধ্যমে তাঁদের বিয়ে হয়। এরপর স্বামী-স্ত্রী হিসেবে সম্পর্ক বজায় ছিল। তবে সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসার পর অভিযুক্ত ব্যক্তি বিয়ে ও অনাগত সন্তান অস্বীকার করছেন বলে অভিযোগ ওই নারীর। এ ছাড়া তাঁর নামে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগও রয়েছে। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু বলেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রফিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered