প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ মনসাতলী মহাসড়কে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন। সমাবেশে মুজাহিদুল ইসলাম মিলন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন আবু জাফর মুন্সি, রফিকুল ইসলাম ও সিরাজ মোল্লা। বক্তারা অভিযোগ করেন, আবুল কালাম আজাদের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ট্রান্সপোর্ট ব্যবসায়ী জুলহাস আকন তাঁকে মামলা দিয়ে হয়রানি করছেন। তাঁরা বলেন, আজাদ একজন সমাজসেবক এবং আগামীতে গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সমাবেশ থেকে আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে প্রশাসন ও জেলা বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered