প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় সাগরে পাথরঘাটার শত শত ট্রলার

পাথরঘাটা প্রতিনিধি: ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে নতুন প্রত্যাশা নিয়ে সাগরে যাত্রা শুরু করেছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকেই ইলিশ শিকারের উদ্দেশ্যে ঘাট ছাড়তে শুরু করে শত শত মাছ ধরার ট্রলার। দীর্ঘ ২২ দিন কর্মহীন থাকার পর জাল, বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে পাড়ি জমিয়েছেন জেলেরা। এবার জালে প্রচুর ইলিশ ধরা পড়বে—এমন প্রত্যাশা তাঁদের।
জেলেরা জানান, দীর্ঘ অপেক্ষার পর আবারও সাগরে যেতে পেরে তাঁরা আনন্দিত। নিরাপদে মাছ ধরে ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফেরার আশা করছেন তাঁরা। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন জানান, নিষেধাজ্ঞার সময় ট্রলার ও জাল মেরামতসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, জেলে ও সংশ্লিষ্টদের সহযোগিতায় পাথরঘাটায় এবারের নিষেধাজ্ঞা সফলভাবে পালিত হয়েছে। এখন জাটকা সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered