প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে ‘সীমা-৩’ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। মোটরের সাহায্যে ট্রলার ধোয়ার সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে ট্রলারটি বিদ্যুতায়িত হলে কয়েকজন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় দেলোয়ার খালে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয় ডুবুরি মজিবর প্রায় এক ঘণ্টার চেষ্টায় দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন। আহতদের মধ্যে একজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার বাসিন্দা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered