প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
বরগুনায় মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে লোকজ উৎসব ‘রুপালি গলুই’ অনুষ্ঠিত

বরগুনা জেলা প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও নিষেধাজ্ঞার সময় জেলেদের বিনোদন দিতে বরগুনায় আয়োজন করা হয়েছে ‘রুপালি গলুই’ উৎসব। গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টায় বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নে পায়রা নদীর তীরে এ উৎসবে জারি, সারি ও বাউল গানে মেতে ওঠেন দুই শতাধিক জেলে। আয়োজন করা হয় বনভোজনেরও। মা ইলিশের প্রজনন রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন সময় কাটাচ্ছেন জেলেরা। এ সময় তাঁদের নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহিত করা ও আনন্দ দিতে মৎস্য বিভাগের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, মা ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং জেলেদের অবসর আনন্দময় করতেই এ আয়োজন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered