প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে জেলা যুবদল। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৭টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এইচএম হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ ৬টি উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। বক্তারা যুবদল প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক অঙ্গনে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনাকে ধারণ করে দলের কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered