প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা

বরগুনা প্রতিনিধি: ব্যবসার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে স্ত্রীকে মারধর, গলায় পা দিয়ে চেপে ধরা ও বিদ্যুতের শক দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এহাসনুল হক মিরাজ (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর দায়ের করা মামলা গ্রহণ করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার রুজুর নির্দেশ দিয়েছেন আদালত।
গত সোমবার (২৬ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ আদেশ দেন। অভিযুক্ত মিরাজ বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৩ অক্টোবর রাতে বরগুনা সদরের বটতলা সড়কের একটি ভাড়া বাসায় তিন লাখ টাকা যৌতুক দাবি করেন মিরাজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে মারধর, গলায় পা দিয়ে চেপে ধরা ও বিদ্যুতের শক দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মিরাজের সঙ্গে আরও দুজন জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছেন গৃহবধূ। অভিযুক্তের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে আদালতের নির্দেশে পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered