প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেতাগী প্রতিনিধি: মাদারীপুরে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও বিমান টিকিট দিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জুবায়ের আহমেদ সজীব (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনার বেতাগী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের পাকদি এলাকার অনিককে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে তার পরিবারের কাছ থেকে টাকা নেন অভিযুক্ত সজীব। পরে ভিসা ও বিমান টিকিট যাচাই করে সেগুলো জাল বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় অনিকের মা পারভীন আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বেতাগী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীর মা পারভীন আক্তার প্রতারণার ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজের কষ্টার্জিত অর্থ ফেরত দাবি করেছেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered