প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে জোর দিলেন চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। গত রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলা, উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি এবং সামাজিক সহমর্মিতা বাড়ানোর মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ ছাড়া মানসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা সেমিনারে বক্তব্য দেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered