প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাইফ সোহেল (বিশেষ প্রতিবেদন) : বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই (নিঃ) মো. নাছির উদ্দিন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় বড়ইতলা সাকিনস্থ হিরুর সেলুন দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে ১৯ পিস ও ৫ পিস করে মোট ২৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন—বামনা উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মো. সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. নাইম হাওলাদার (২০) এবং পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মো. ফজলুল হক দুলুর ছেলে মো. মেহেদী হাসান (২৭)। অভিযান শেষে আসামিদের থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই মাদক মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) মাসুদ মুন্সিকে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered