প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
তালতলীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ৪

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন। একই সঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকেও গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল আকন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. জলিল আকনের ছেলে। এ সময় তাঁর সহযোগী রুবেল মৃধা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার আফজাল মৃধার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট আমখোলা এলাকায় শহিদ ফরাজীর বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার জোড়া কালভার্টে অভিযান চালানো হয়। এ সময় রুবেল আকনকে আটক করে তাঁর শরীর তল্লাশি করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক রুবেল আকন ও পলাতক রুবেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক রুবেল মৃধাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, একই রাতে রাত ১১টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নলবুনিয়া এলাকার মৃত চান মিয়া তালুকদারের ছেলে মো. হিমু তালুকদার (৫০) ও তাঁর ছেলে মো. সোহান তালুকদার (২৬)। এ সময় হিমুর আরেক ছেলে সজল তালুকদার (৩০) পালিয়ে যান। পুলিশের ভাষ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে হিমু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। পরে ঘরের খাটের নিচ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হিমু ও সোহানকে আটক করা হলেও সজল পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া হিমু তালুকদারের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও হত্যা-সংক্রান্ত মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, তালতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered