প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ১

মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাফান জোমাদ্দার আকাশ নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল করে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলের খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গাজীরপুল থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন জানান, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered