প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
বরগুনায় তীব্র সার সংকট: বিপাকে পড়েছেন কৃষকেরা

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আমতলী, তালতলী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র সার সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রয়োজনের সময় সার না পেয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন তাঁরা। সময়মতো সার প্রয়োগ করতে না পারায় আমনসহ বিভিন্ন ফসলের উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তালতলীর সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের কৃষক মো. নিজাম উদ্দিন বলেন, জমিতে নির্দিষ্ট সময়ে সার প্রয়োগ করতে হয়। সময়মতো সার না পেলে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তা বাড়ে। দূরের বাজার থেকে সার আনতে পরিবহন খরচও বেড়ে যায়।
আমতলীর চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের কৃষক আব্দুল লতিফ মাতুব্বর বলেন, প্রয়োজনমতো সার না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। সরকারি নির্ধারিত দামে পর্যাপ্ত সার বিক্রি নিশ্চিত করার দাবি জানান তিনি। বরগুনা সদরের কৃষক আব্দুল কাদের মোল্লা বলেন, সার বরাদ্দ, মজুত ও বিক্রির মূল্য নিয়মিত তদারকি করা জরুরি, যাতে সংকটের সময় কৃষকদের হয়রানির শিকার হতে না হয়। কৃষকদের দাবি, সার সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে হবে। পাশাপাশি ডিলারদের মজুত ও বিক্রির হিসাব তদারকি এবং নিয়োগে অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। সময়মতো ন্যায্যমূল্যে সার নিশ্চিত না হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ফসলের ফলন কমে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered