
মহিবুল্লাহ কিরণ, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা বাজার এলাকায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৯ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে আমতলী ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মাহবুবুর আলম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চালক নেমে যাওয়ার পর হেলপার বাসটি চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
এদিকে, দুর্ঘটনাপ্রবণ বান্দ্রা মোড়ে সিগন্যাল বাতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা সেখানে দ্রুত সিগন্যাল বাতি, গতিরোধক ও চার লেন সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।