প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনা প্রতিনিধি: টেলিস্কোপে মহাকাশ দেখা, রোবটের কার্যক্রম পর্যবেক্ষণ, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন সম্পর্কে জানা, এমন নানা আয়োজনে মুখর হয়ে উঠেছিল বরগুনা সার্কিট হাউস মাঠ। পাঠ্যবইয়ের বাইরে হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং মহাকাশবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্য নিয়ে বরগুনায় অনুষ্ঠিত হলো ষষ্ঠ মহাকাশ ক্যাম্প ২০২৬।
বরগুনা সাইন্স সোসাইটির উদ্যোগে গত সোমবার (১৯ অক্টোবর) বরগুনা সার্কিট হাউস মাঠে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি। এ উপলক্ষে সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপের পক্ষ থেকে বরগুনা সাইন্স সোসাইটিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকউজ্জামান মাহফুজ ---
ক্যাম্পে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ, রোবট প্রদর্শনী, ফোরডি চলচ্চিত্র ও ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা ছিল। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা মহাকাশবিজ্ঞান, রোবোটিকস ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পায়। ক্যাম্পে দেশের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়। এর মধ্যে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, যশোরের জেসিবি সায়েন্স ক্লাব ও ঢাকার রোবোডেমিসহ বিভিন্ন সংগঠন। তাদের অংশগ্রহণে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। এবারের ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল বরগুনা সায়েন্স সোসাইটির নিজস্ব উদ্ভাবন ‘শূন্য’। এ ছাড়া প্রদর্শিত হয় বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন। বাস্তব জীবনের সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায় তা এসব প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, মহাকাশ গবেষণা ও প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered