প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
আমতলীতে ১,৬০০ জেলের মাঝে ২৫ কেজি করে মানবিক সহায়তার চাল বিতরণ

আমতলী প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার কারণে কষ্টে থাকা জেলেদের সহায়তায় বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১ হাজার ৬০০ জেলের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাসেল। এ সময় উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসার মো. রাজিব, মৎস্য অফিসের প্রতিনিধি মো. মহসিন রেজা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বেচাকেনায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered