প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
আমতলীতে ১৩৮ কোটি টাকার ব্লক নির্মাণে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পায়রা নদীর ভাঙন রোধে ১৩৮ কোটি ৪৮ লাখ টাকার বেশি ব্যয়ে ব্লক নির্মাণকাজে লবণাক্ত ও নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেকের বিরুদ্ধে। দরপত্রের শর্ত অনুযায়ী বালুর এফএম (ফাইননেস মডুলাস) মান ২.০০-এর বেশি থাকার কথা থাকলেও ব্যবহৃত বালুর মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের একাংশ।
পাউবো সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে পায়রা নদীর ভাঙন রোধে ৪৩/১ ও ৪৪/বি পোল্ডারে মোট ৪ হাজার ৫০০ মিটার ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে চারটি প্যাকেজে ১ হাজার ২০০ মিটার ব্লক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩৮ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ১৭৬ টাকা। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম থেকে আনা লবণাক্ত বালু দিয়ে ব্লক নির্মাণ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এতে ব্লকের স্থায়িত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বালুর এফএম মান পরীক্ষা করেই তা ব্যবহার করা হচ্ছে। নির্মিত ব্লক বুয়েটের পরীক্ষায় উত্তীর্ণ না হলে তা বাতিল করা হবে। এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, বালুর এফএম মান ঠিক না থাকলে তা দিয়ে ব্লক নির্মাণ করতে দেওয়া হবে না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered