প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
আমতলীতে সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

আমতলী প্রতিনিধি: ‘সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানে সামাজিক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানে বরগুনার আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(১৯ অক্টোবর) সকাল ১০টায় আমতলী প্রেসক্লাব চত্বরে এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও এনএসএসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘তারুণ্যের স্বপ্ন, সামাজিক সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে তরুণ, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মাতুব্বর, এফআরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান এবং আমতলী ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানী। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সামাজিক ঐক্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। যেকোনো সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা আরও বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় শান্তিপূর্ণ সহাবস্থান ও সকল মানুষের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered