প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
বেতাগীর উন্নয়নে ৯০সেতু ও নদীভাঙন রোধে ১৭০০কোটি টাকার উদ্যোগ: চিফ হুইপ

বেতাগী, বরগুনা প্রতিনিধি: মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। একই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে বেতাগীর গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।
গত রবিবার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে চীফ হুইপ বলেন, বেতাগীতে বিভিন্ন উন্নয়নকাজের জন্য ৯১ কোটি টাকার প্রকল্প এসেছে। বামনা ও বেতাগী এলাকায় নদীভাঙন রোধে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ৯০টি সেতু নির্মাণের প্রকল্প এসেছে এবং বিভিন্ন সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার সংস্কারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নিরাপদ সমাজ গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। বেতাগীকে আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চীফ হুইপ নুরুল ইসলাম মণি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered