প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
বরগুনায় ৪০০ উপকারভোগীর মাঝে ১২০০ গাছের চারা ও নেট বিতরণ করেছে ডিএফইডি

বরগুনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় ৪০০ জন উপকারভোগীর মাঝে ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা এবং ৭২০০ ফুট নেট বিতরণ করেছে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)। গত ১৭ অক্টোবর বরগুনা সদর উপজেলার ডিএফইডির সদর ও কদমতলা ব্রাঞ্চের মাইক্রোফিন্যান্স কর্মসূচির সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে একটি আম, একটি জলপাই ও একটি নিমের চারা এবং ৭২ ফুট নেট দেওয়া হয়। গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পিকেএসএফের ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ (আরএইচএল)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএফইডির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. নিয়ামুল কবীর, কো-অর্ডিনেটর (কৃষি) ও প্রকল্পের ফোকাল পারসন। এ সময় ডিএফইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মো. আব্দুর রহিম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। চারা রোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি কৃষিবিদ মো. নিয়ামুল কবীর বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ বৈশ্বিক উষ্ণতা হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ মার্চ থেকে বরগুনা সদর উপজেলার আটটি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৬৬৬ জন অতিদরিদ্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন। ২০২৬-২৭ অর্থবছরে প্রকল্পের আওতায় আরও ৬ হাজার ৫০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered