প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
বরগুনার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপের নির্দেশ চীফ হুইপের

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।
গত শনিবার (১৭ অক্টোবর) বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেন।
চীফ হুইপ বলেন, বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ জেলার সব এলাকার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। উপজেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও আধুনিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিদর্শনকালে বরগুনার জেলা প্রশাসক, হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered