প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
বরগুনায় অপরাধ দমনে কঠোর অবস্থান, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ চীফ হুইপের

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি। একই সঙ্গে জেলার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন তিনি। সভায় নূরুল ইসলাম মনি (এমপি) বলেন, বরগুনার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়া যাবে না।
তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মানোন্নয়ন প্রশাসনের অন্যতম দায়িত্ব। জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানো সরকারের উন্নয়ন অগ্রাধিকারের অংশ। কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার বিকল্প নেই। বরগুনার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, (পিপি) নুরুল আমিন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, এডিসি জেনারেল অনিমেষ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered