প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
পাথরঘাটায় উন্নয়নকাজের উদ্বোধন: অসহায় ও জেলে পরিবারের পাশে চিফ হুইপ

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদের সংস্কার ও উন্নয়নকাজ, নবনির্মিত সালামি মঞ্চ এবং লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। একই সফরে অসহায় ও দুস্থ পরিবার এবং নিহত ও আহত জেলেদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা, পূজামণ্ডপে অনুদান ও ত্রাণ বিতরণ করেন তিনি ---
গত শুক্রবার (১৬ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের সংস্কার ও উন্নয়নকাজ এবং নবনির্মিত সালামি মঞ্চের উদ্বোধন করেন চিফ হুইপ। একই দিন ‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজেরও উদ্বোধন করেন তিনি। নতুন ভূমি অফিস নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল ইসলাম মণি বলেন, উপজেলা পরিষদের অবকাঠামোগত উন্নয়ন, দাপ্তরিক পরিবেশের মানোন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। কাজগুলো বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মান উন্নত হবে। এদিকে, উপকূলীয় জেলে পরিবারের দুর্দশা লাঘব এবং অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়। এ সময় চিফ হুইপ বলেন, মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় কোনো জেলে নিহত বা আহত হলে তাঁর পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়ে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়ানো জরুরি। তিনি স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, ভূমিসেবা সহজীকরণ এবং অসহায় মানুষের কল্যাণে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সফরকালে শুক্রবার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন নুরুল ইসলাম মণি। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন তিনি। এছাড়াও নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
সফরকালে ও উদ্বোধনী অনুষ্ঠানে তার সফরসঙ্গী, স্থানীয় বিএনপি নেতারা, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা পরিষদ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered