প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
আমতলীতে নানাবাড়িতে বেড়াতে এসে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে নানা বাড়িতে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত এলমা আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে ছুটি কাটাতে তার নানা বাড়ি চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে বেড়াতে এসেছিল।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল এলমা। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবার বাড়ি নাচনাপাড়া ও নানা বাড়ি কাউনিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দুর্ঘটনার পরপরই অভিযুক্ত অটোচালক পালিয়ে যায় বলে জানা গেছে। অভিযুক্ত নাঈম চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের বাদল ফকিরের ছেলে। নিহতের পরিবার জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered