প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
পাথরঘাটায় ঋণসংকট নিরসন ও জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা প্রতিনিধি: বৈশ্বিক ঋণসংকট নিরসন, জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত এবং অর্থনীতির ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে বলেশ্বর নদীর তীরে রুহিতার বালু মাঠে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে এসব দাবি তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পরিবেশকর্মী মাইনুল ইসলাম রেজা, জাকির হোসেন মুন্সি, স্থানীয় বাসিন্দা হারুন কাজী ও পান্না হাওলাদারসহ অন্যরা। বক্তারা বলেন, বৈদেশিক ঋণের চাপ কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি জলবায়ু অভিযোজনে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান তাঁরা। এ ছাড়া কৃষকের ন্যায্যমূল্য, ভূমিহীন মানুষের জমির অধিকার, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered