প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
বরগুনার বুড়িরচরে সাবেক চেয়ারম্যান জহিরুল হক পনুর গণসংযোগ

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যাবসায়ি আলহাজ্ব মোহাম্মদ জহিরুল হক পনু -
গত বুধবার (১৫ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের কেওরাবুনিয়া, ইটবাড়িয়া, পুরাকাটা ও কামরাবাদ এলাকায় এই গণসংযোগ করেন।এসময় তিনি প্রতিটি এলাকার হাট-বাজার, মসজিদ-মন্দির ও সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। গণসংযোগকালে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা পনু বলেন, "বুড়িরচর ইউনিয়ন আমার জন্মস্থান। এই মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। অতীতে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছিলেন। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা আবারও সুযোগ দিলে কেওরাবুনিয়া, ইটবাড়িয়া, পুরাকাটা, কামরাবাদ সহ পুরো ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।" এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব পনু সবসময় সুখে-দুঃখে মানুষের পাশে থাকেন। তাই আসন্ন নির্বাচনে তার কোনো বিকল্প নেই।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered