প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
বরগুনায় মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা বাহরুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহায়ক) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১২ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় তিনজন শিক্ষক প্রতিনিধির মধ্যে দুজন অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। তাঁদের দাবি, নিয়োগের বিষয়ে তাঁরা কিছুই জানতেন না। এমনকি নিয়োগের দুই দিন পর বিষয়টি জানতে পারেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা। প্রতিষ্ঠানের সহকারী মৌলভী মো. আলতাফ হোসেন জানান, তিনি নিয়োগ বোর্ডের শিক্ষক প্রতিনিধি হলেও তাঁকে নিয়োগ পরীক্ষার বিষয়ে কিছু জানানো হয়নি এবং তিনি পরীক্ষায় উপস্থিত ছিলেন না! অভিযোগ রয়েছে, নিয়োগপ্রাপ্ত মো. কাইয়ুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. মাহবুবুর রহমানের বাড়ির পাশের বাসিন্দা। তবে এ অভিযোগের এখনো পর্যন্ত কোন স্বাধীন যাচাই পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত সুপার নিয়োগসংক্রান্ত তথ্য দিতে রাজি হননি বলে জানা গেছে। তিনি দাবি করেছেন, মাদ্রাসার সভাপতির নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করেছেন! এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, নিয়োগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি ও তিনি উপস্থিত ছিলেন। পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের পর তাঁরা চলে যান। নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন। মাদ্রাসার সভাপতি মো. আনিসুর রহমান মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি!
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা -
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered